আশুলিয়ায় দ্বিতীয় আইকনসিএস সম্মেলন শুরু
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সম্মেলনে উপস্থিত হয়ে একে একে ২৮১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন গবেষকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির অধ্যাপক জেমাল আবাওয়াজি, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক মামুন আলাজব এবং তুরস্কের কারবুক ইউনিভার্সিটির অধ্যাপক ড. অগুজ ফিনডিকসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, দুই দিনের এই সম্মেলনে কিনোট সেশন, প্লেনারি সেশন, টেকনিক্যাল সেশন থাকবে এবং সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বাংলাদেশের মহাপরিচালক মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির অধ্যাপক জেমাল আবাওয়াজি, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক মামুন আলাজব এবং তুরস্কের কারবুক ইউনিভার্সিটির অধ্যাপক ড. অগুজ ফিনডিক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল- হক মজুমদার। সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিভিও বার্তায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় হুমকির নাম সাইবার সিকিউরিটি। কারণ বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। সবকিছু প্রযুক্তির আওতায় চলে আসছে। এই সময়ে সাইবার নিরাপত্তা সবচেয়ে জরুরি। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন সাইবার নিরাপত্তার ব্যাপারে নতুন নতুন পথ আবিষ্কার করতে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে তুরস্কের কারাবুক ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ড. রেফিক পোলাট বলেন, বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি শব্দটি সারা পৃথিবীর কাছে একটি গুরুত্বপূর্ণ শব্দ। কারণ মানুষের প্রযুক্তির উপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে এবং একইসঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কা। তাই সাইবার সিকিউরিটি সম্পর্কে সবাইকেই সচেতন হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. রেফিক পোলাট বলেন, দুই দিনের এই সম্মেলনে যেসব বিষয়কে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে, তা অত্যন্ত সময়পোযোগী। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ব্যাংক একাউন্ট হ্যাকিং সম্পর্কে জানলেই চলবে না, বরং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কেও জানতে হবে। তা না হলে নিজের ব্রেইন হ্যাক হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।